৬ দিনে পৌনে ৮ হাজার কোটি টাকার রেমিট্যান্স, প্রবৃদ্ধি ২৩ শতাংশ
- আপডেট এর সময় : ১২:১১:২১ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
- / 5
চলতি ২০২৬-২৭ অর্থবছরের সেপ্টেম্বরের শুরুতেই প্রবাস আয় বা রেমিট্যান্সে জোর গতি লক্ষ্য করা যাচ্ছে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী, চলতি সেপ্টেম্বর মাসের প্রথম ছয় দিনেই দেশে ৬৩৭ মিলিয়ন মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে। প্রতি ডলার ১২২ টাকা হিসাবে স্থানীয় মুদ্রায় যার পরিমাণ দাঁড়ায় প্রায় ৭ হাজার ৭৭১ কোটি টাকা। এর মধ্যে কেবল সেপ্টেম্বর মাসের ৬ তারিখেই প্রবাসীরা এক দিনে ২০১ মিলিয়ন ডলার (প্রায় ২ হাজার ৪৫২ কোটি টাকা) দেশে পাঠিয়েছেন।
গত বছরের একই সময়ে রেমিট্যান্স আসার পরিমাণ ছিল ৫১৬ মিলিয়ন ডলার। ফলে বছরের ব্যবধানে সেপ্টেম্বরের প্রথম ছয় দিনে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ২৩.৪ শতাংশ।
অন্য দিকে, চলতি অর্থবছরের শুরু (জুলাই) থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত দেশে মোট ৬.৪৬২ বিলিয়ন ডলার (প্রায় ৭ লাখ ৮৮ হাজার কোটি টাকা) রেমিট্যান্স এসেছে। গত ২০২৫-২৬ অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৫.৪১৬ বিলিয়ন ডলার। অর্থাৎ অর্থবছরের প্রথম দুই মাসের বেশি সময়ে এক বছরের ব্যবধানে রেমিট্যান্সের সার্বিক প্রবৃদ্ধি হয়েছে ১৯.৩ শতাংশ।



















