নতুন কারা মহাপরিদর্শক ও অতিরিক্ত কারা মহাপরিদর্শকের নিয়োগ বাতিল
- আপডেট এর সময় : ০১:০১:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
- / 3
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
কারা অধিদপ্তরের নতুন কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন্স) হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোস্তফা কামাল এবং অতিরিক্ত কারা মহাপরিদর্শক হিসেবে কর্নেল মো. সাইদুল ইসলামকে নিয়োগের প্রজ্ঞাপন বাতিল করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রেষণে তাদের নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। এ জন্য তাদের চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছিল।
প্রজ্ঞাপন অনুযায়ী, মোহাম্মদ মোস্তফা কামাল কর্নেল থেকে ব্রিগেডিয়ার জেনারেল এবং মো. সাইদুল ইসলাম লেফটেন্যান্ট কর্নেল থেকে কর্নেল পদে পদোন্নতি পান।
তবে তাদের নিয়োগসংক্রান্ত প্রজ্ঞাপনটি পরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে সরিয়ে নেওয়া হয়। সংশ্লিষ্ট একজন কর্মকর্তা জানিয়েছেন, তাদের নিয়োগ দিয়ে জারি করা প্রজ্ঞাপনটি বাতিল করা হয়েছে এবং এ বিষয়ে পৃথক আরেকটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তবে সেটি এখনো মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়নি।
নিয়োগ দেওয়ার দিনই প্রজ্ঞাপন বাতিলের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এ বিষয়ে জানতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ, পদোন্নতি ও প্রেষণ অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. আকনুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে ওয়েবসাইট দেখে জানতে বলেন।
এর আগে গত ১৯ আগস্ট কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেনকে সেনাবাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়।


















