সিঙ্গাপুরফেরত বিমানের টয়লেটে মিলল ৫০ স্বর্ণবার
- আপডেট এর সময় : ১১:২৩:০৮ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
- / 6
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
শতাধিক স্বর্ণবার থাকার গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে শেষ পর্যন্ত সিঙ্গাপুর থেকে ঢাকায় আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ১১ কোটি টাকা। উড়োজাহাজ অবতরণের পর প্রায় ৪ ঘণ্টার অভিযানের পর উড়োজাহাজের টয়লেটের ভেতর বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ওই স্বর্ণবার পাওয়া যায়।
সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সিঙ্গাপুর থেকে বিজি-৫৮৫ ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পরপরই তল্লাশি স্বর্ণবারগুলোর সন্ধান পাওয়া যায়।
কাস্টমস গোয়েন্দা জানায়, উদ্ধার করা প্রতিটি স্বর্ণবারের ওজন ১০ তোলা। সে হিসাবে ৫০টি বারের মোট ওজন ৫০০ তোলা, যা প্রায় ৫ দশমিক ৮৩২ কেজি। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ১১ কোটি টাকা।
গুরুত্বপূর্ণ বিষয় হলো, স্বর্ণগুলো কোনো যাত্রীর ব্যাগেজ থেকে উদ্ধার হয়নি। উড়োজাহাজের টয়লেটের ভেতরে বিশেষভাবে লুকিয়ে রাখা হয়েছিল।
উড়োজাহাজের টয়লেটের ভেতরে এত বিপুল পরিমাণ স্বর্ণ কীভাবে পৌঁছাল, কারা এগুলো সেখানে রেখেছে এবং বিমানবন্দর থেকে স্বর্ণগুলো বের করে নেওয়ার পরিকল্পনায় কারা জড়িত ছিল তা কাস্টমস গোয়েন্দা খতিয়ে দেখছে বলে জানিয়েছে এনবিআর।




















