বিয়ের আগে শুক্রাণু সংগ্রহ ও ব্যর্থ আইভিএফ: জীবনের অজানা গল্প জানালেন স্বরা ভাস্কর
- আপডেট এর সময় : ০৩:২৭:৫৯ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
- / 28
বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর সমাজকর্মী ও রাজনীতিবিদ ফাহাদ আহমেদের সঙ্গে দাম্পত্য জীবনে কন্যাসন্তানের মা হিসেবে সুখে দিন কাটাচ্ছেন। তবে এই রঙিন জীবনের পেছনের পথটি একেবারেই সহজ ছিল না। সম্প্রতি এক রিয়েলিটি শোতে নিজের জীবনের এক গোপন অধ্যায় প্রকাশ করেছেন এই অভিনেত্রী, যা এত দিন অনুরাগীদের অজানা ছিল।
অনুষ্ঠানে স্বরা জানান, জীবনের এক অনিশ্চিত সময়ে তিনি ধরে নিয়েছিলেন যে তার আর কখনো বিয়ে হবে না। তাই বিয়ে ছাড়াই একক মা (সিঙ্গেল মাদার) হওয়ার সিদ্ধান্ত নেন তিনি। পরিবারের শুরুতে অমত থাকলেও পরে নিজের বাবা-মাকেও রাজি করান স্বরা। পরিকল্পনা অনুযায়ী শুক্রাণু দাতার সহায়তায় আইভিএফ (ইন ভিট্রো ফার্টিলাইজেশন) পদ্ধতির মধ্য দিয়েও যান তিনি। কিন্তু দুর্ভাগ্যবশত, প্রথম দুইবারের চেষ্টাতেই তিনি ব্যর্থ হন এবং গর্ভধারণ করতে পারেননি।
আইভিএফের এই কঠিন সময় অতিক্রম করার পর ২০২০ সালের জানুয়ারিতে নাগরিক আন্দোলনের মাঠে স্বরার সঙ্গে পরিচয় হয় ফাহাদ আহমেদের। রাজনীতি ও সামাজিক কাজের মাধ্যমে শুরু হওয়া সেই পরিচয় ধীরে ধীরে গভীর প্রেমে রূপ নেয়। দীর্ঘ প্রেমের পর ২০২৩ সালের ফেব্রুয়ারিতে তারা আইনি মতে বিয়ে করেন এবং পরবর্তীতে পারিবারিকভাবেও সামাজিক অনুষ্ঠান সম্পন্ন করেন।
বিয়ের কয়েক মাসের মধ্যেই, ২০২৩ সালের ২৩ সেপ্টেম্বর জন্ম নেয় এই দম্পতির প্রথম কন্যাসন্তান। বর্তমানে স্বামী ও সন্তানকে নিয়ে সুখী সংসার করার পাশাপাশি অভিনয় ও সামাজিক কর্মকাণ্ড সামলাচ্ছেন স্বরা। বিয়ের আগে একক মা হওয়ার এই লড়াই এবং দুইবার আইভিএফ ব্যর্থ হওয়ার অজানা গল্প প্রকাশ্যে আসার পর থেকেই বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।




















