ছাত্রীকে ধর্ষণের চেষ্টার দায়ে শিক্ষকের ৫ বছরের কারাদণ্ড
- আপডেট এর সময় : ১১:৪৯:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
- / 28
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এক স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টার দায়ে মো. গোলাম কবির (৫৪) নামে এক শিক্ষককে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) চাঁপাইনবাবগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত গোলাম কবির শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর (কাঠালিয়াপাড়া) এলাকার মৃত তাজেবুল হকের ছেলে। তিনি ছত্রাজিতপুর উচ্চ বিদ্যালয়ের শারীরিক ও স্বাস্থ্যবিষয়ক শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
আদালত ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২২ সালের ২১ আগস্ট ছত্রাজিতপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রী জীববিজ্ঞানের বই চাওয়ায় শিক্ষক গোলাম কবির তাকে ২৩ আগস্ট বিকেল সাড়ে ৩টার দিকে বিদ্যালয়ে আসতে বলেন। নির্ধারিত সময়ে ওই ছাত্রী বিদ্যালয়ে গেলে শিক্ষক তাকে স্কুল শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্টের অফিসকক্ষে নিয়ে যান।
অভিযোগ রয়েছে, পরে অফিস কক্ষের দরজা-জানালা বন্ধ করে শিক্ষক ওই ছাত্রীকে কুপ্রস্তাব দেন এবং জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন। বিষয়টি টের পেয়ে স্থানীয় লোকজন সেখানে ছুটে এসে অফিসকক্ষের গ্লাস ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করেন। এ সময় আতঙ্কিত হয়ে ওই ছাত্রী বাথরুমে গিয়ে আত্মগোপন করেন।
পরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিক্ষক গোলাম কবিরকে আটক করে। এ ঘটনায় ছাত্রীর চাচা মো. শাহজাহান আলী বাদী হয়ে শিবগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
মামলার বিচার শেষে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০২০)-এর ১০ ধারায় গোলাম কবিরকে দোষী সাব্যস্ত করেন আদালত। এরপর তাকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তাকে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
মামলায় বাদীপক্ষের আইনজীবী ছিলেন মো. আব্দুস সালাম এবং আসামিপক্ষের আইনজীবী ছিলেন মো. নাজমুল আজম।
রায়ের পর বাদীপক্ষের আইনজীবী মো. আব্দুস সালাম সন্তোষ প্রকাশ করে বলেন, একজন শিক্ষকের কাছ থেকে এ ধরনের নৈতিকতাবিরোধী আচরণ অত্যন্ত লজ্জাজনক ও অপমানজনক। এই রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। এমন শাস্তি ভবিষ্যতে এ ধরনের অপরাধে জড়িতদের জন্য সতর্কবার্তা হয়ে থাকবে।




















