ট্রাকচালক হোসেন হত্যা মামলা: শেখ হাসিনা সহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৬ অক্টোবর
- আপডেট এর সময় : ০৩:১০:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
- / 13
জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর মোহাম্মদপুরে ট্রাকচালক মো. হোসেনকে গুলি করে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন (চার্জ গঠন) শুনানির জন্য আগামী ২৬ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত।
আজ ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক রবিউল আলম এই দিন ধার্য করেন। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আজ অভিযোগ গঠন শুনানির কথা থাকলেও কারাগারে থাকা আসামি নাঈম ও সাজ্জাতকে অন্য মামলায় হাজিরা থাকায় আদালতে উপস্থিত করা সম্ভব হয়নি। এর প্রেক্ষিতে রাষ্ট্রপক্ষ শুনানি পেছানোর আবেদন করলে আদালত তা মঞ্জুর করে নতুন তারিখ নির্ধারণ করেন।
মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গাবতলীতে ট্রাক রেখে বাসায় ফেরার পথে মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় গুলিতে নিহত হন ট্রাকচালক মো. হোসেন। পরে একই বছরের ৩১ আগস্ট নিহতের মা রীনা বেগম বাদী হয়ে মোহাম্মদপুর থানায় এই হত্যা মামলা দায়ের করেন।
মামলার তদন্ত শেষে ২০২৫ সালের ২৩ নভেম্বর মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক আকরামুজ্জামান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন। এই মামলার আসামি শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ ২৪ জন বর্তমানে পলাতক রয়েছেন। এছাড়া সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও সাবেক সংসদ সদস্য সাদেক খানসহ ৪ জন কারাগারে এবং ১০ জন জামিনে রয়েছেন।




















