তিস্তা প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ে সরকার কাজ করছে: পানিসম্পদ মন্ত্রী
- আপডেট এর সময় : ০৬:০৮:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
- / 19
দেশের উত্তরাঞ্চলের মানুষের জন্য তিস্তা নদী অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি জানিয়েছেন, শুষ্ক মৌসুমে পানির সংকট এবং বর্ষায় নদীভাঙন ও বন্যা তিস্তার প্রধান চ্যালেঞ্জ। তাই সরকার তিস্তা প্রকল্পের ওপর বিশেষ গুরুত্ব দিয়ে এর সম্ভাব্যতা যাচাই ও কারিগরি মূল্যায়নের কাজ পরিচালনা করছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিআইআইএসএস (BIISS) অডিটোরিয়ামে অনুষ্ঠিত ‘রিথিংকিং ওয়াটার ফিউচারস: ইয়ুথ লিডারশিপ, জাস্টিস অ্যান্ড কোঅপারেশন’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সেমিনারে পানি কূটনীতি ও আঞ্চলিক সহযোগিতার ওপর জোর দিয়ে মন্ত্রী বলেন, বাংলাদেশ একটি নিচু অববাহিকার নদীমাতৃক দেশ হওয়ায় ৫৭টি আন্তঃসীমান্ত নদীর পানি ব্যবস্থাপনায় প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সহযোগিতা কোনো বিকল্প নয়, বরং অপরিহার্য। পাশাপাশি, জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট বন্যা, খরা ও লবণাক্ততার মতো সংকট মোকাবিলায় যুবসমাজকে শক্তিতে রূপান্তর এবং অববাহিকাভিত্তিক ব্যবস্থাপনার আহ্বান জানান তিনি। গঙ্গা পানি বণ্টন চুক্তি প্রসঙ্গে মন্ত্রী উল্লেখ করেন যে, নদীর প্রতিবেশ ও মানুষের জীবিকা বিবেচনায় নিয়ে গ্যারান্টি ক্লজ যুক্ত করার মাধ্যমে যথাসময়ে এ চুক্তি নবায়নে সরকার সক্রিয়ভাবে কাজ করছে।




















