ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিং ও মসজিদে খুতবায় সচেতনতার নির্দেশ প্রধানমন্ত্রীর
- আপডেট এর সময় : ০৪:২৪:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
- / 19
ডেঙ্গু সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে পাড়া-মহল্লায় নিয়মিত মাইকিংয়ের মাধ্যমে জনসচেতনতা সৃষ্টির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একইসঙ্গে সাধারণ মানুষকে সচেতন করতে জুমার নামাজের খুতবায় এ বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।
আজ বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণবিষয়ক এক সভায় প্রধানমন্ত্রী এসব নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন তার উপ-প্রেস সচিব হাসান শিপলু।
সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণের জন্য আগামী কয়েক মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়ে ভাইরাসের বিস্তার রোধে সংশ্লিষ্ট সব সরকারি সংস্থাকে সমন্বিতভাবে কাজ করতে হবে। বিশেষ করে যেসব এলাকায় আক্রান্তের হার বেশি, সেখানে দ্রুত প্রতিরোধমূলক কার্যক্রম জোরদার করার ওপর জোর দেন তিনি।
ডেঙ্গু মোকাবিলায় সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী পাড়া-মহল্লায় মাইকিং এবং স্থানীয় মসজিদের মাধ্যমে তথ্য পৌঁছানোর এই পরিকল্পনা দেন। পাশাপাশি কার্যক্রমগুলো সফল করতে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাগুলোর মধ্যে শক্তিশালী সমন্বয় বজায় রাখার তাগিদ দেওয়া হয়।
উক্ত সভায় স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



















