একদিনে ডেঙ্গুতে আরও ১০ জনের প্রাণহানি, নতুন ভর্তি ১৯৪৩ জন
- আপডেট এর সময় : ০৪:৪৫:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
- / 17
দেশে মশাবাহিত রোগ ডেঙ্গুর প্রকোপ মারাত্মক আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ৪ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ৩ জন, চট্টগ্রাম বিভাগে ২ জন এবং ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১ জন রয়েছেন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৩১ জনে।
একই সময়ে সারা দেশে নতুন করে ১ হাজার ৯৪৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। নতুন আক্রান্তদের মধ্যে সর্বোচ্চ ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৪৩২ জন, চট্টগ্রাম বিভাগে ২৫৬ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ২৩৮ জন, খুলনা বিভাগে ২৩৪ জন এবং রাজশাহী বিভাগে ২৩০ জন ভর্তি হয়েছেন। এছাড়া বরিশাল বিভাগে ১৯৫ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ১৭৭ জন, ময়মনসিংহ বিভাগে ১০০ জন, রংপুর বিভাগে ৭০ জন এবং সিলেট বিভাগে ১১ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৫ অক্টোবর পর্যন্ত দেশে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ১ লাখ ৭ হাজার ২৫৯ জনে। বছরের শুরুতে জানুয়ারি ও ফেব্রুয়ারিতে ২ জন করে, মে মাসে ১ জন, জুনে ১৩ জন, জুলাইয়ে ৩৬ জন, আগস্টে ৪৩ জন এবং সেপ্টেম্বরে ১৪৮ জনের মৃত্যু হয়। তবে অক্টোবরের মাত্র প্রথম ১৪ দিনেই রেকর্ড ৮৬ জনের প্রাণহানি ঘটেছে, যা ডেঙ্গু পরিস্থিতির ভয়াবহ রূপ প্রকাশ করে।




















