আজ চট্টগ্রাম সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান
- আপডেট এর সময় : ০১:৩৮:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
- / 16
আজ মঙ্গলবার পৃথক কর্মসূচিতে চট্টগ্রাম সফর করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। দুই শীর্ষ নেতার এই সফরকে কেন্দ্র করে চট্টগ্রাম মহানগর ও জেলায় চার স্তরের কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশ, র্যাব, এসএসএফ, আনসার ও বিডিসহ ২০ হাজারের বেশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন।
নির্ধারিত সূচি অনুযায়ী, বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান সকালে নগরের জিইসি কনভেনশন সেন্টারে চট্টগ্রাম মহানগর জামায়াত আয়োজিত প্রাক্তন সাথী-সদস্য সম্মেলন-২০২৬-এ প্রধান অতিথি হিসেবে যোগ দেন। অন্যদিকে, প্রধানমন্ত্রী তারেক রহমান সন্ধ্যায় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে রহমতগঞ্জের ঐতিহাসিক জে এম সেন হলের দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করবেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। পূজা পরিদর্শন শেষে বিএনপি নেতাদের সঙ্গে সাংগঠনিক বৈঠক সেরে রাতেই তার ঢাকায় ফেরার কথা রয়েছে।
দুই নেতার কর্মসূচির স্থান ও সময় আলাদা হওয়ায় তাদের মুখোমুখি হওয়ার কোনো সূচি নেই। সিএমপি কমিশনার হাসান মোহাম্মদ শওকত আলী জানিয়েছেন, ভিআইপিদের সফর ও শারদীয় দুর্গোৎসবের নিরাপত্তায় বহুমাত্রিক পরিকল্পনা নেওয়া হয়েছে এবং এখন পর্যন্ত কোনো ধরনের হুমকি নেই। চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন এই সফর ও পূজা পরিদর্শনকে ধর্মীয় সম্প্রীতি ও সহাবস্থানের এক অনন্য বার্তা হিসেবে উল্লেখ করেছেন।



















