নেশার টাকা না পেয়ে মাকে জবাই করে হত্যা, ছেলে আটক
- আপডেট এর সময় : ০৩:৫৭:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
- / 18
পাবনার ফরিদপুরে নেশার টাকা না পেয়ে সূর্য খাতুন (৫০) নামের এক মাকে জবাই করে হত্যার অভিযোগ উঠেছে তার মাদকাসক্ত ছেলে উদ্দিন সরদারের (৩৫) বিরুদ্ধে। মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার বিএল বাড়ি ইউনিয়নের লক্ষীকোল জোলাপাড়া গ্রামের নিজ বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত উদ্দিন সরদার মাদকাসক্ত হওয়ার সুবাদে নেশার টাকার জন্য প্রায়ই বাবা-মায়ের সাথে ঝগড়া করতেন। ঘটনার দিন সকালে মা সূর্য খাতুন রান্না করার সময় ছেলে উদ্দিন তার কাছে নেশার টাকা দাবি করেন। মা টাকা দিতে অস্বীকৃতি জানালে উভয়ের মধ্যে বাকবিতণ্ডার একপর্যায়ে রান্নাঘরে থাকা কাস্তে দিয়ে মাকে গলা কেটে হত্যা করে পালিয়ে যান তিনি।
খবর পেয়ে ফরিদপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায়। পরে গোপন সংবাদের ভিত্তিতে বেলা ১১টার দিকে পার্শ্ববর্তী একটি বাড়ির ভেতর থেকে পালিয়ে থাকা অভিযুক্ত ছেলেকে আটক করে পুলিশ। এ সময় তার দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত কাস্তেটিও জব্দ করা হয়।
এ বিষয়ে ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল হাসান মাসুদ জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। পাশাপাশি আটককৃত আসামির বিরুদ্ধে আইনগত মামলা দায়েরের বিষয়টি বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।



















