সাবেক দুই মেয়রসহ ঈশ্বরদী উপজেলা আ.লীগের তিন নেতা ঢাকায় গ্রেফতার
- আপডেট এর সময় : ০৩:১৭:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
- / 1
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের তিন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১৯ অক্টোবর) বিকেল ৪টা ১০ মিনিটে মোহাম্মদপুর থানাধীন ইকবাল রোডে প্রিয়াঙ্কা কমিউনিটি সেন্টারের পাশের একটি ভবনের পঞ্চম তলা থেকে তাদের গ্রেফতার করা হয়।
মঙ্গলবার (২০ অক্টোবর) তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা এ তথ্য নিশ্চিত করেছেন।
এডিসি জুয়েল রানা বলেন, গ্রেফতার তিনজনের মধ্যে একজন পাবনার ঈশ্বরদী পৌরসভার সাবেক দুইবারের মেয়র, একজন ঈশ্বরদী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং অপরজন আটঘরিয়া পৌরসভার সাবেক দুইবারের মেয়র ও তিনবারের ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বলে জানতে পেরেছি।
গ্রেফতার ব্যক্তিরা হলেন- পাবনার ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র মো. আবুল কালাম আজাদ (৬১), ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. মোখলেসুর রহমান মিন্টু (৬৪) এবং আটঘরিয়া পৌরসভার সাবেক মেয়র ও আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. শহিদুল ইসলাম রতন (৬৩)।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুর থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। অভিযানে এসআই রাজু আহাম্মেদ ও এসআই আমিরুজ্জামানসহ পুলিশের সদস্যরা অংশ নেন।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, গ্রেফতার তিন নেতা ঢাকায় একটি ফ্ল্যাটে অবস্থান করছিলেন। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ রেখে রাজধানীতে দলীয় কার্যক্রম ও সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার উদ্দেশ্যে তারা সেখানে অবস্থান করছিলেন বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ। তবে গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে তাদের বক্তব্য জানা যায়নি।
পুলিশের ভাষ্য অনুযায়ী, এ ঘটনায় এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।



















