বরিশালে ৩৫ হাজার টাকায় বিক্রি করা শিশুকন্যা উদ্ধার, শিক্ষিকাসহ কারাগারে ৩ নারী
- আপডেট এর সময় : ০১:৩৮:২৮ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
- / 6
বরিশালে ঘুমন্ত অবস্থায় চুরি যাওয়া ৪৫ দিন বয়সী শিশুকন্যা সাদিয়াকে ১৪ দিন পর উদ্ধার করে তার মায়ের কাছে ফিরিয়ে দিয়েছে পুলিশ। ৩৫ হাজার টাকায় শিশুটিকে চুরির পর বিক্রির অভিযোগে সাগোরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা মৌরি আক্তারসহ তিন নারীকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তার হওয়া অন্য দুই নারী হলেন চুরির মূল পরিকল্পনাকারী নাসিমা বেগম (নাসিমা কবিরাজ) এবং শিক্ষিকার বড় বোন ফাহমিদা।
মামলার বিবরণ অনুযায়ী, গত ২০ অক্টোবর সকালে নগরের রূপাতলী মওলানা ভাসানী সড়কের একটি ভাড়া বাসা থেকে দিনমজুর সোহেল ও বৃষ্টি বেগম দম্পতির ৪৫ দিন বয়সী শিশু সাদিয়া নিখোঁজ হয়। প্রতিবেশী নাসিমা কবিরাজ কৌশলে শিশুটির মা বৃষ্টি বেগমকে বাসার বাইরে পাঠিয়ে শিশুটিকে চুরি করেন। পরবর্তীতে তিনি ৩৫ হাজার টাকার বিনিময়ে শিশুটিকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা মৌরি আক্তারের কাছে বিক্রি করে দেন। মৌরি আক্তার শিশুটিকে তার সন্তানহারা বড় বোন ফাহমিদার কাছে চট্টগ্রামে পাঠিয়ে দিয়েছিলেন।
শিশু নিখোঁজের ঘটনায় মা বৃষ্টি বেগম থানায় সাধারণ ডায়েরি (জিডি) করলে তদন্তে নামে কোতোয়ালি মডেল থানা পুলিশ। গত রোববার রাতে সন্দেহভাজন হিসেবে নাসিমা কবিরাজকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে চুরির রহস্য উন্মোচিত হয়। পুলিশের চরম তৎপরতার মুখে অভিযুক্ত ফাহমিদা শিশুটিকে নিয়ে থানায় হাজির হতে বাধ্য হন। এরপর আইনি প্রক্রিয়া শেষে শিশু সাদিয়াকে তার মায়ের কোলে ফিরিয়ে দেওয়া হয়।
এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে মানবপাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃত তিন নারীকে গত মঙ্গলবার (৩ নভেম্বর) বরিশাল আদালতে হাজির করা হলে বিচারকের আদেশে তাদের কারাগারে পাঠানো হয়। দীর্ঘ ১৪ দিন পর কোল খালি হওয়া মা তার সন্তানকে ফিরে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন।



















