রাজধানীর ৬টি শিক্ষাপ্রতিষ্ঠান আকস্মিক পরিদর্শন করলেন শিক্ষা সচিব
- আপডেট এর সময় : ০৪:৫২:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
- / 19
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক আজ বৃহস্পতিবার রাজধানীর ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠান আকস্মিক পরিদর্শন করেছেন। এ সময় তাঁর সঙ্গে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল উপস্থিত ছিলেন।
পরিদর্শন করা প্রতিষ্ঠানগুলো হলো— ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, সিদ্ধেশ্বরী গার্লস কলেজ, সিদ্ধেশ্বরী উচ্চ বালিকা বিদ্যালয়, সিদ্ধেশ্বরী কলেজ, সিদ্ধেশ্বরী বালক উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ।
পরিদর্শনকালে সিনিয়র সচিব প্রতিষ্ঠানগুলোর ক্যাম্পাস, শ্রেণিকক্ষ ও অফিস কক্ষ ঘুরে দেখেন এবং সার্বিক শিক্ষা কার্যক্রম, প্রশাসনিক ব্যবস্থাপনা ও পরিচ্ছন্নতা পর্যবেক্ষণ করেন। পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখতে তিনি প্রতিষ্ঠান প্রধানদের প্রয়োজনীয় পরিচ্ছন্নতাকর্মী নিয়োগ ও কার্যক্রম জোরদারের নির্দেশ দেন।
এছাড়া শিক্ষার্থীদের বিনয়ী হওয়ার পাশাপাশি পাঠ্যবইয়ের বাইরে খেলাধুলা, সংগীত, আবৃত্তি, নাটক ও ধর্মীয় কর্মকাণ্ডের মাধ্যমে বহুমুখী প্রতিভা বিকাশের সুযোগ করে দিতে তিনি প্রতিষ্ঠান প্রধানদের পরামর্শ দেন। পরিদর্শন শেষে শিক্ষার গুণগত মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য আনন্দময় ও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করতে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।



















