ককটেল বিস্ফোরণের আতঙ্কে ঢাবি ছাড়ছেন ৮ চীনা শিক্ষার্থী
- আপডেট এর সময় : ০৫:৫৫:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
- / 21
ক্যাম্পাসে সম্প্রতি একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনায় পরিবারের উদ্বেগের কারণে কোর্স শেষ হওয়ার আগেই নিজ দেশে ফিরে যাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক্সচেঞ্জ প্রোগ্রামের ৮ চীনা শিক্ষার্থী। ইতিমধ্যে দুজন ঢাকা ছেড়েছেন এবং বাকি ছয়জন আগামী ১৩ নভেম্বর চীন ফিরে যাবেন। চলতি নভেম্বরের শেষ দিকে তাদের শর্ট কোর্সটি শেষ হওয়ার কথা থাকলেও তারা নিজ বিশ্ববিদ্যালয় থেকেই বাকি পরীক্ষায় অংশ নেবেন।
বিশ্ববিদ্যালয়ের স্যার পি জে হার্টগ ইন্টারন্যাশনাল হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. এম এ কাউসার বিষয়টি নিশ্চিত করে জানান, ক্যাম্পাসের সাম্প্রতিক পরিস্থিতিতে পরিবার উদ্বিগ্ন হয়ে পড়ায় শিক্ষার্থীরা আগেই টিকিট কেটে দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন।
উল্লেখ্য, গত কয়েক দিন ধরে ঢাবির টিএসসি ও ব্যবসায় শিক্ষা অনুষদসহ (এফবিএস) বিভিন্ন স্থানে পরপর ককটেল বিস্ফোরণের ঘটনায় ক্যাম্পাসে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ বিষয়ে বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যায় বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে হল প্রশাসনের এক বৈঠকে তাদের সার্বিক নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত করা হয়। পাশাপাশি ক্যাম্পাসের ৬টি প্রবেশপথে চেকপোস্ট স্থাপন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সার্বক্ষণিক টহল জোরদারসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের নেওয়া নিরাপত্তামূলক পদক্ষেপগুলো তাদের জানানো হয়।



















