সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোটসহ ৩৮ জেলে আটক
- আপডেট এর সময় : ০৪:১২:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
- / 7
নিজস্ব প্রতিবেদক,মানি লাইন
সেন্টমার্টিন দ্বীপসংলগ্ন দক্ষিণ সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে দুটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ৩৮ জেলেকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় বোট দুটি থেকে ৯টি ট্রলিং জাল ও ২ হাজার ২৫০ কেজি সামুদ্রিক মাছ জব্দ করা হয়।
শনিবার (১৪ নভেম্বর) রাত ৩টার দিকে ১২ মিটার গভীরতার ওই এলাকায় কোস্ট গার্ডের জাহাজ শ্যামল বাংলা অভিযান চালিয়ে এসব বোট ও জেলেদের আটক করে।
বিকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, অপারেশন ‘কোরাল দ্বীপ’-এর আওতায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সেন্টমার্টিনের দক্ষিণ সমুদ্র এলাকা থেকে দুটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়। পরে বোট দুটিতে তল্লাশি চালিয়ে ট্রলিং জাল, সামুদ্রিক মাছ ও ৩৮ জেলেকে আটক করা হয়।
জব্দ করা বোট, জাল, মাছ ও আটক জেলেদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন আরও বলেন, সামুদ্রিক মৎস্যসম্পদ রক্ষায় কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।




















