বন্ড সুবিধার আড়ালে গার্মেন্টস মালিকদের প্রতারণা; সরকারের পাওনা হাজার কোটি টাকা
- আপডেট এর সময় : ০২:৫৪:৪১ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬
- / 360
দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি গার্মেন্টস শিল্প। যেখানে শুধু দেশের অর্থনীতির চাকাই সচল রাখা হয় না, কর্মসংস্থান হয়েছে কোটি মানুষের। যে কারণে সরকারও এই খাতে দিয়েছে বিভিন্ন সুযোগ সুবিধা। কিন্তু এক শ্রেণির অসাধু ব্যবসায়ী সেই সুযোগ কাজে লাগিয়ে দিনের পর দিন প্রতারণা কর আসছেন।
অনুসন্ধানে দেখা যায় দেশের গার্মেন্টস শিল্পের একটি বড় অংশ রাজস্ব ফাঁকির সঙ্গে জড়িত। আবার অনেকে বন্ড সুবিধার আড়ালে পণ্য এনে তা বিক্রি করে দিচ্ছে অন্যত্র। সেক্ষেত্রেও সরকারকে বড় অংকের রাজস্ব ফাঁকি দিচ্ছে তারা।
সম্প্রতি চট্টগ্রামে এমনই একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছে কাস্টমস কর্তৃপক্ষ। অভিযোগে বলা হয়, চট্টগ্রামের নিউ চাক্তাইয়ের দৌলত প্লাজার সি.টি.জি ফোর ব্রাদার্স এ্যাপারেলস লিমিটেড বন্ড সুবিধায় আমদানি করা ফেব্রিক্স বন্ড গুদাম থেকে অবৈধভাবে সরিয়ে নিয়েছে। অভিযোগ উঠেছে অবৈধভাবে ওই ফেব্রিক্স বিক্রি করে দিয়েছে প্রতিষ্ঠানটি। এই ঘটনায় প্রতিষ্ঠানটির কাছে ১ কোটি ৩ লাখ ১৬ হাজার ৫৮২.১৬ টাকা সুদসহ পাওয়া হয়েছে।
এক প্রতিবেদনে বলা হয়, সি.টি.জি ফোর ব্রাদার্স এ্যাপারেলস লিমিটেড বন্ড সুবিধায় আমদানিকৃত ফেব্রিক্স গত ৯ এপ্রিল চট্টগ্রাম কাস্টমস থেকে খালাস করলেও, ২৩ হাজার ৬৩২ কেজি কাঁচামাল বন্ড গোডাউনে পৌঁছায়নি। এবিষয়ে কোম্পানির সংশ্লিষ্টরা অসংলগ্ন কথা বলেন। অথচ পণ্য চালানটি পোর্ট এক্সিট ও গেইট ভেরিফাইড তথ্য অনুযায়ী গত ৮ এপ্রিল বন্দর ছাড়ে। প্রতিবেদনে জালজালিয়াতির এই ঘটনায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য মামলা করা হয়েছে বলেও উল্লেখ করা হয়।
শুধু এই প্রতিষ্ঠানই নয়, এমন আরও অনেক প্রতিষ্ঠানের বিরুদ্ধে বন্ড সুবিধায় পণ্য আমদানির পর তা অন্যত্র বিক্রি করে দেয়ার অভিযোগ রয়েছে। এমন শতাধিক প্রতিষ্ঠানের কাছে সরকারের রাজস্ব পাওনা কয়েক হাজার কোটি টাকা। কিন্তু আইনের ফঁকফোকরে দীর্ঘ দিন ধরে এসব প্রতিষ্ঠান রাজস্ব ফাঁকি দিয়ে অনৈতিক সুবিধা নিয়ে আসছে। দেশের বাইরে পাচার করছে কোটি কোটি টাকা। এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে এবার কোঁমর বেঁধে নেমেছে জাতীয় রাজস্ব বোর্ড।




















