করব্যবস্থায় বড় পরিবর্তনের উদ্যোগ, ঘুস না দেওয়ার আহ্বান এনবিআর চেয়ারম্যানের
- আপডেট এর সময় : ০৬:৪২:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
- / 3
ঘুস ও দুর্নীতি বন্ধে করব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনা হচ্ছে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিব। রোববার বিকেলে রাজধানীর কাকরাইলে আইডিইবি ভবনে ঢাকা ট্যাকসেস বার অ্যাসোসিয়েশনের ২০২৬-২৭ মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে তিনি এ কথা জানান। অনুষ্ঠানে করদাতাদের হয়রানি কমাতে করদাতার সঙ্গে কর্মকর্তা-কর্মচারীদের সরাসরি যোগাযোগ বন্ধ করে পুরোপুরি অনলাইননির্ভর ব্যবস্থা চালুর কথা তুলে ধরেন তিনি। পাশাপাশি ব্যবসায়ী ও করদাতাদের কোনো কর্মকর্তা বা জনপ্রতিনিধিকে ঘুস না দেওয়ার অনুরোধ জানান।
এনবিআর চেয়ারম্যান আরও জানান, চলতি বাজেটে ৬ লাখ ৪ হাজার কোটি টাকা রাজস্ব আহরণের যে লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, তা অর্জনে এবং করজালের বাইরে থাকা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে আওতায় আনতে কর আইনজীবীদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বলেন, ৪২ হাজার কর আইনজীবী সম্মিলিতভাবে কাজ করলে রাজস্ব আয় ১০ লাখ কোটি টাকায় উন্নীত করা সম্ভব। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরির প্রধান অতিথি হিসেবে থাকার কথা থাকলেও অসুস্থতার কারণে তিনি যোগ দিতে পারেননি।
অনুষ্ঠানে ঢাকা ট্যাকসেস বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে বিজয়ী নীল প্যানেলের নতুন কমিটির সভাপতি মো. মিজানুর রহমান দুলাল এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আশরাফ হোসেন খানসহ নির্বাচিত প্রতিনিধিরা দায়িত্ব গ্রহণ করেন। নবনির্বাচিত সভাপতি জাতীয় রাজস্ব আহরণে অবদান রাখার কথা উল্লেখ করে কর আইনজীবীদের কাজের পরিবেশ উন্নয়নে একটি নির্ধারিত কক্ষ বরাদ্দের দাবি জানান।


















