ব্যাংক অব ইংল্যান্ড থেকে যুক্তরাষ্ট্রে যাচ্ছে ভেনেজুয়েলার ৪০০ কোটি ডলারের স্বর্ণ
- আপডেট এর সময় : ০৪:৩০:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
- / 7
ভেনেজুয়েলার কেন্দ্রীয় ব্যাংকের প্রায় ৪০০ কোটি ডলার মূল্যের ৩১ টন স্বর্ণের মজুত ব্যাংক অব ইংল্যান্ড থেকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকে স্থানান্তরের বিষয়ে সরকার ও বিরোধী পক্ষের সমঝোতা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আলোচনা সফল হলে দীর্ঘ সাত বছর ধরে চলতে থাকা এই স্বর্ণ বিরোধের অবসান ঘটবে। এই চুক্তির ফলে অন্তর্বর্তী সরকারের প্রধান দেলসি রদ্রিগেজ স্বর্ণের আইনগত নিয়ন্ত্রণ পেলেও এটি তাৎক্ষণিকভাবে বিক্রি করার সুযোগ থাকবে না। বরং জুনের ভয়াবহ জোড়া ভূমিকম্প-পরবর্তী পুনর্গঠন ও সরকারি ব্যয় মেটাতে এই স্বর্ণ জামানত রেখে ঋণ নেওয়া যাবে।
রাজনৈতিক পটপরিবর্তনের ধারাবাহিকতায় গত জানুয়ারি মাসে যুক্তরাষ্ট্রের এক অভিযানে তৎকালীন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ক্ষমতাচ্যুত হন। এরপর দেলসি রদ্রিগেজ অন্তর্বর্তী নেত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর আন্তর্জাতিক অঙ্গনে ভেনেজুয়েলার পুনর্বাসন প্রক্রিয়া গতি পায়। ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের কিছু নিষেধাজ্ঞা শিথিল করা হয়েছে এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) দীর্ঘ সাত বছর পর কারাকাসের সঙ্গে তাদের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে।
যুক্তরাজ্য ও ভেনেজুয়েলার কূটনৈতিক সম্পর্কেও বইছে নতুন হাওয়া। সম্প্রতি ভেনেজুয়েলার জাতীয় পরিষদের প্রধান হোর্হে রদ্রিগেজ লন্ডনে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন এবং যুক্তরাজ্য কারাকাসে পুনরায় রাষ্ট্রদূত নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। ব্যাংক অব ইংল্যান্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, আদালতে আইনি বিষয়গুলো চূড়ান্ত নিষ্পত্তি হলেই কেবল স্বর্ণ হস্তান্তরের কাজ শুরু হবে। যুক্তরাষ্ট্রের তত্ত্বাবধানে পরিচালিত এই আলোচনার মূল উদ্দেশ্য হলো দুর্নীতির ঝুঁকি এড়িয়ে কঠোর নজরদারিতে অর্থ ব্যবহার করা এবং দেশে একটি সুষ্ঠু নতুন নির্বাচনের পরিবেশ তৈরি করা।



















