ধানমন্ডিতে চালু হলো বাবুল্যান্ডের ২৩তম শাখা: নগর শিশুদের জন্য খুলল ইনডোর বিনোদনের নতুন দুয়ার
- আপডেট এর সময় : ০৬:১০:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
- / 12
ব্যস্ত রাজধানীতে শিশুদের খেলাধুলার উন্মুক্ত স্থান ও নিরাপদ পরিবেশ দিন দিন সীমিত হয়ে পড়ছে। এ অবস্থায় নগরীর শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে ভূমিকা রাখতে ধানমন্ডি-২৭ নম্বরের মীনা বাজার ভবনের তৃতীয় তলায় যাত্রা শুরু করল ইনডোর প্লে-গ্রাউন্ড বাবুল্যান্ডের ২৩তম শাখা। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে শাখাটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। নতুন এই শাখায় সফট প্লে জোন, বল পুল, স্লাইড, ক্লাইম্বিং জোন এবং রোল প্লে কর্নারসহ নানা ধরনের রাইড ও বিনোদনের ব্যবস্থা রয়েছে, যা স্থানীয় বাসিন্দা ও অভিভাবকদের মধ্যে ব্যাপক স্বস্তি এনে দিয়েছে।
ধানমন্ডির বাসিন্দারা এ উদ্যোগকে অত্যন্ত সময়োপযোগী বলে স্বাগত জানিয়েছেন। উদ্বোধনী দিনে আসা অভিভাবক সৈয়দা নিপুণ আক্তার জানান, ঘরের কাছেই এমন একটি নিরাপদ ও পরিচ্ছন্ন প্লে-গ্রাউন্ড পাওয়ায় এখন থেকে নিয়মিত সন্তানকে নিয়ে আসতে পারবেন। এতে শিশুরা স্ক্রিন ছেড়ে শারীরিকভাবে সক্রিয় হতে পারবে। অন্য এক অভিভাবক তাসলিমা নাসরিন বলেন, মোবাইল বা ট্যাবে আসক্ত না হয়ে শিশুরা যাতে নিরাপদ পরিবেশে সময় কাটাতে পারে, সেই সুযোগ তৈরি হওয়ায় সবার জন্যই খুব ভালো হয়েছে। পাশাপাশি, নালন্দা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী আফিয়ান খাঁন নতুন এই শাখার সুযোগ পেয়ে বাবুল্যান্ড কর্তৃপক্ষকে ধন্যবাদ জানায়।
বাবুল্যান্ডের পক্ষ থেকে শিশুদের সর্বোচ্চ সুরক্ষা ও পরিচ্ছন্নতার নিশ্চয়তা দেওয়া হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ইসনাদ চৌধুরী জানান, প্রতিটি শাখা নিয়মিত জীবাণুমুক্ত করা হয় এবং শিশুদের দেখাশোনার জন্য সার্বক্ষণিক প্রশিক্ষিত অ্যাটেনডেন্ট নিয়োজিত থাকে। এছাড়া খেলাধুলার পাশাপাশি এখানে জন্মদিন ও পারিবারিক নানা অনুষ্ঠান আয়োজনের সুবিধাও রাখা হয়েছে। অন্যদিকে, বাবুল্যান্ডের ব্যবস্থাপনা পরিচালক এনামুল হক কোলিন্স বলেন, প্রযুক্তি নির্ভর যান্ত্রিক জীবনে শৈশব যেন মুঠোফোনের পর্দায় আটকে না থাকে, সেজন্যই তাদের এই ধারাবাহিক উদ্যোগ। প্রতিটি শিশু যেন প্রাণভরে খেলে বেড়ে উঠতে পারে, সেটিই বাবুল্যান্ডের মূল লক্ষ্য।



















