৯ মাসে মব সহিংসতা কমেছে ৪১ শতাংশ, নিহত ৪০
- আপডেট এর সময় : ১২:১১:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
- / 4
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
দেশে মব সহিংসতার ঘটনা ও প্রাণহানি কমেছে। চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত নয় মাসে মব সহিংসতায় ৪০ জন নিহত হয়েছেন। এ সময়ে আহত হয়েছেন ৬৫ জন। আর মব সহিংসতার ঘটনা ঘটেছে ৬৩টি।
অন্যদিকে, ২০২৫ সালের একই সময়ে মব সহিংসতার ১০৭টি ঘটনা ঘটে। এসব ঘটনায় ৬৩ জন নিহত এবং ৮২ জন আহত হন। সে হিসাবে গত বছরের একই সময়ের তুলনায় চলতি বছরের প্রথম নয় মাসে মব সহিংসতার ঘটনা কমেছে ৪৪টি। নিহতের সংখ্যা কমেছে ২৩ জন এবং আহতের সংখ্যা কমেছে ১৭ জন।
পুলিশ সদর দপ্তরের অপারেশন্স কন্ট্রোলরুমের তৈরি মব সহিংসতার তুলনামূলক বিবরণী থেকে এসব তথ্য জানা গেছে। মঙ্গলবার সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।
বিবরণী অনুযায়ী, ২০২৬ সালের সেপ্টেম্বর মাসে মব সহিংসতার সাতটি ঘটনা ঘটে। এসব ঘটনায় দুজন নিহত এবং ১২ জন আহত হন। গত বছরের সেপ্টেম্বরে ১৮টি ঘটনায় ১৩ জন নিহত ও ১১ জন আহত হয়েছিলেন।
চলতি বছরের আগস্টে মব সহিংসতার ১১টি ঘটনায় আটজন নিহত ও নয়জন আহত হন। গত বছরের আগস্টে ১৬টি ঘটনায় ১৪ জন নিহত এবং ছয়জন আহত হয়েছিলেন। জুলাইয়ে চলতি বছর চারটি ঘটনায় দুজন নিহত ও সাতজন আহত হন। গত বছরের জুলাইয়ে ১৩টি ঘটনায় ১০ জন নিহত ও ১২ জন আহত হয়েছিলেন।
জুন মাসে চলতি বছর চারটি ঘটনায় চারজন নিহত ও একজন আহত হন। গত বছরের জুনে সাতটি ঘটনায় দুজন নিহত ও ১০ জন আহত হন। মে মাসে দুই বছরেই আটটি করে ঘটনা ঘটে। তবে চলতি বছরের মে মাসে সাতজন নিহত ও আটজন আহত হন; গত বছরের একই মাসে নিহত হন তিনজন এবং আহত হন আটজন।
এপ্রিলে চলতি বছর সাতটি ঘটনায় তিনজন নিহত ও ১০ জন আহত হন। গত বছরের এপ্রিলে ১০টি ঘটনায় তিনজন নিহত ও আটজন আহত হয়েছিলেন। মার্চে চলতি বছরের ১০টি ঘটনায় তিনজন নিহত ও ১১ জন আহত হন। গত বছরের মার্চে ২৯টি ঘটনায় ১২ জন নিহত ও ২৬ জন আহত হয়েছিলেন।
ফেব্রুয়ারিতে চলতি বছরের চারটি ঘটনায় দুজন নিহত ও তিনজন আহত হন। গত বছরের ফেব্রুয়ারিতে তিনটি ঘটনায় তিনজন নিহত ও একজন আহত হন। জানুয়ারিতে চলতি বছরের আটটি ঘটনায় নয়জন নিহত ও চারজন আহত হন। গত বছরের জানুয়ারিতে তিনটি ঘটনায় তিনজন নিহত ও কোনো আহতের তথ্য নেই।



















