মঙ্গলের উপগ্রহ ফোবোসে জাপানের ঐতিহাসিক মহাকাশ অভিযান শুরু
- আপডেট এর সময় : ০৪:৪৩:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
- / 16
সৌরজগতের উৎপত্তি ও পৃথিবীতে প্রাণের রহস্য উন্মোচনে মঙ্গলের উপগ্রহ থেকে নমুনা সংগ্রহের উদ্দেশ্যে একটি মানববিহীন মহাকাশযান পাঠিয়েছে জাপান। মঙ্গলবার জাপানের স্থানীয় সময় ভোর ৪টা ৪১ মিনিটে তানেগাশিমা মহাকাশকেন্দ্র থেকে এইচ-৩ রকেটের মাধ্যমে ‘মার্শিয়ান মুনস এক্সপ্লোরেশন (এমএমএক্স)’ নামের এই মহাকাশযানটি উৎক্ষেপণ করা হয়। উৎক্ষেপণের এক ঘণ্টা পর মহাকাশযানটি রকেট থেকে সফলভাবে বিচ্ছিন্ন হয়ে স্বাভাবিকভাবে কাজ শুরু করেছে বলে নিশ্চিত করেছে জাপান অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি (জাক্সা)।
পরিকল্পনা অনুযায়ী, আগামী বছরের আগস্টে মহাকাশযানটি মঙ্গলের কাছে পৌঁছাবে এবং এর উপগ্রহ ফোবোসের কক্ষপথে প্রবেশ করবে। সেখানে নিরাপদে অবতরণের স্থান চিহ্নিত করতে ফ্রান্স ও জার্মানির যৌথ উদ্যোগে তৈরি ‘আইডেফিক্স’ নামের একটি বিশেষ রোভার উপগ্রহটির পৃষ্ঠ পর্যবেক্ষণ করবে। এমএমএক্স সেখানে প্রায় তিন বছর অবস্থান করবে এবং ফোবোসের পৃষ্ঠ থেকে অন্তত ১০ গ্রাম নমুনা সংগ্রহ করবে। মঙ্গল অঞ্চল থেকে নমুনা নিয়ে পৃথিবীতে ফিরে আসার লক্ষ্যে পরিচালিত এই প্রথম অভিযানে যুক্তরাষ্ট্রের নাসা ও ইউরোপের বিভিন্ন সংস্থাসহ বেশ কিছু প্রতিষ্ঠান জাক্সাকে সহযোগিতা করছে।
বিজ্ঞানী ও গবেষকদের মতে, এই অভিযান মহাকাশ বিজ্ঞানে এক যুগান্তকারী পরিবর্তন আনবে। নাসার প্রতিনিধি নিকি ফক্স জানান, এই নমুনা ভবিষ্যতে মঙ্গলে মানব অভিযানের প্রস্তুতিকে অনেক দূর এগিয়ে নেবে। মূলত মঙ্গল ও এর দুটি উপগ্রহ কীভাবে সৃষ্টি হয়েছে—তা জানার জন্যই এই অনুসন্ধান। গ্রহাণুর সংঘর্ষ থেকে নাকি মঙ্গলের মহাকর্ষীয় টানে আটকে পড়ে উপগ্রহগুলোর সৃষ্টি—এই রহস্য উন্মোচিত হলে পাথুরে গ্রহগুলোতে প্রাণের উপযোগী পরিবেশ কীভাবে তৈরি হয়, সে সম্পর্কে সুস্পষ্ট ধারণা পাওয়া সম্ভব হবে।



















