চাঁপাইনবাবগঞ্জে পুলিশের পৃথক অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে একজন গ্রেপ্তার, ইয়াবাসহ আটক আরও একজন
- আপডেট এর সময় : ০৫:২৫:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
- / 5
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় পৃথক দুটি অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সরঞ্জামসহ একজনকে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ। এ ছাড়া ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি ইজিবাইকসহ আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের দিকনির্দেশনায় এবং সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহিন আকন্দ এর তত্ত্বাবধানে এসব অভিযান পরিচালিত হয়।
পুলিশ জানায়, সোমবার (১৯ অক্টোবর) রাত ৪টা ১০ মিনিটের দিকে সদর মডেল থানার এসআই (নিরস্ত্র) মো. শাকিল হোসেন সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নের রাইফেলস চত্বরের পূর্ব দিকে সান ইটভাটা-সংলগ্ন সুইসগেটের কাছে অভিযান চালান।
এ সময় ডাকাতির প্রস্তুতি নেওয়ার অভিযোগে মো. মতিউর রহমান মতি (৪৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের পারচৌকা গ্রামের মৃত ফিরোজ আলীর ছেলে।
পুলিশের দাবি, গ্রেপ্তারের সময় তাঁর হেফাজত থেকে তালা কাটার একটি বড় লোহার কাটার, একটি ধারালো হাসুয়া, দুটি লোহার রড, একটি কান্তা এবং ১৬ ফুট নাইলনের রশি উদ্ধার করা হয়।
অন্যদিকে, রোববার (১৮ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়ন পরিষদের প্রধান ফটকের সামনে সড়কে অভিযান চালিয়ে মো. লিটন হোসেন (৪৫) নামে আরেক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি বারঘরিয়া কাজীপাড়া এলাকার মো. ডিবু শেখের ছেলে। এ সময় তাঁর কাছ থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি ইজিবাইক উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাঁদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
এদিকে, মাদকবিরোধী কার্যক্রম জোরদার এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। মাদকসংক্রান্ত তথ্য দিয়ে সহায়তাকারীদের পরিচয় গোপন রাখার কথাও জানানো হয়েছে।



















