বাংলাদেশে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন
- আপডেট এর সময় : ০৬:৫১:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
- / 19
জাতীয় সংসদে সরাসরি ভোটের মাধ্যমে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত হয়েছেন। আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল ৫টা ২০ মিনিটের দিকে ভোট গণনা প্রক্রিয়া শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন তাকে বিজয়ী হিসেবে ঘোষণা করেন। নির্বাচনে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদকে পরাজিত করে তিনি এ পদে নির্বাচিত হন।
নির্বাচন প্রক্রিয়া ও ফলাফলের বিবরণ দিতে গিয়ে সিইসি জানান, এ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ৩৪৯ জন। এর মধ্যে ৩৪৩টি ভোট বৈধ হিসেবে গণ্য হয় এবং ৬টি ব্যালট অব্যবহৃত থেকে যায়। এছাড়া বিভিন্ন নিয়মকানুন ও ত্রুটির কারণে ৪টি ব্যালট পরিবর্তন বা রিপ্লেস করা হয়। ফলাফলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫টি ভোট পেয়ে বিজয়ী হন এবং তার প্রতিদ্বন্দ্বী কর্নেল (অব.) অলি আহমদ পান ৮৮টি ভোট।
ভোটিং চলাকালে সংসদ সদস্যরা নিজ নিজ আসনে অবস্থান করে ব্যালট পেপারে পূর্ণ নাম স্বাক্ষর পূর্বক তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ প্রথম ভোট প্রদান করেন। পরবর্তীতে ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এবং প্রধানমন্ত্রী তারেক রহমানসহ অন্যান্য সংসদ সদস্যরা পর্যায়ক্রমে ভোট দেন। ফলাফল ঘোষণার পর প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানান। পরবর্তীতে বিরোধী দলীয় নেতাসহ অন্যান্য সংসদ সদস্যরাও তাকে অভিনন্দন জ্ঞাপন করেন।




















