ব্যাটারি প্রস্তুতকারী প্রতিষ্ঠান জিউঝৌ ইন্ডাস্ট্রিজের ৩১৭ কোটি টাকার ভ্যাট ফাঁকি উদ্ঘাটন
- আপডেট এর সময় : ০৫:৪৯:২৩ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
- / 70
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ব্যাটারি প্রস্তুতকারী প্রতিষ্ঠান জিউঝৌ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের (JiuZhou Industry Ltd) ৩১৭,৯২,৫১,৩৭৮ (তিনশত সতের কোটি বিরানব্বই লক্ষ একান্ন হাজার তিনশত আটাত্তর) টাকার মূসক বা ভ্যাট ফাঁকি উন্মোচন করেছে নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর, মূল্য সংযোজন কর, ঢাকা। গত ৩ আগস্ট ২০২৬ তারিখে সংস্থাটির একটি চৌকস নিবারক দল প্রতিষ্ঠানটির প্রাঙ্গণে অভিযান চালিয়ে বিভিন্ন বাণিজ্যিক দলিলাদি ও নথিপত্র জব্দ করে। পরবর্তীতে জব্দকৃত কাগজপত্র বিস্তারিত পর্যালোচনা ও হিসাব-নিকাশ করে ব্যাটারি উৎপাদন ও বিক্রয়ের বিপরীতে বিপুল পরিমাণ এই রাজস্ব ফাঁকির তথ্যপ্রমাণ পাওয়া যায়।
সরকারের রাজস্ব ফাঁকি দেওয়ার উদ্দেশ্যে প্রকৃত তথ্য গোপন রেখে প্রতিষ্ঠানটি তাদের ব্যবসা পরিচালনা করে আসছিল। উদ্ঘাটিত এই বকেয়া রাজস্ব আদায়সহ ভ্যাট আইন অনুযায়ী জিউঝৌ ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধে পরবর্তী আইনি ও বিচারিক প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে। রাজস্ব ফাঁকি রোধে নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে যে, এ ধরনের কঠোর নজরদারি ও নিবারক অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।




















