শাহজালালে কাস্টমস গোয়েন্দাদের দুই শিফটের অভিযানে ২৮ লাখ টাকার চোরাচালান পণ্য আটক
- আপডেট এর সময় : ১১:০৬:২২ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
- / 43
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (CIID) ‘বি’ ও ‘সি’ শিফটের পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট, হোয়াইটেনিং সিরাম, জর্দা এবং বিদেশি লিকার আটক করা হয়েছে। মহাপরিচালকের কাছে আসা নির্ভরযোগ্য গোপন সংবাদের ভিত্তিতে চালানো এই সমন্বিত অভিযানে জব্দকৃত এসব পণ্যের মোট আনুমানিক বাজারমূল্য প্রায় ২৮ লাখ টাকা।
প্রথম অভিযানে, ‘বি’ শিফট দুবাই থেকে আসা এমিরেটসের (EK584) একটি ফ্লাইটে বিশেষ নজরদারি চালায়। এ সময় গ্রিন চ্যানেল অতিক্রমকালে যাত্রী মো. হিমেল (পাসপোর্ট: A16137538)-এর ব্যাগেজ তল্লাশি করে ২৭০ কার্টুন সিগারেট ও ১.২৪ কেজি হোয়াইটেনিং সিরাম উদ্ধার করা হয়। একই ফ্লাইটের সহযাত্রী শারমিন আক্তার (পাসপোর্ট: A15558837)-এর কাছ থেকে আরও ২৭০ কার্টুন সিগারেট জব্দ করা হয়। ফলে ‘বি’ শিফটের অভিযানে মোট ৫৪০ কার্টুন সিগারেট ও ১.২৪ কেজি হোয়াইটেনিং সিরাম আটক হয়, যার আনুমানিক বাজারমূল্য ২১ লাখ ৮০ হাজার টাকা।
অন্যদিকে, ‘সি’ শিফট দিল্লি থেকে আগত এয়ার ইন্ডিয়ার (AI237) ফ্লাইটে নজরদারি জোরদার করে। রাত আনুমানিক ২টা ১০ মিনিটে ফ্লাইটটি অবতরণের পর যাত্রী মাহাথে হাসান বাবু (পাসপোর্ট: A12376700)-এর কাছ থেকে ৩১ কার্টুন সিগারেট ও ১৩২ পিস হোয়াইটেনিং সিরাম এবং সহযাত্রী সহদুল হাসান শাকিল (পাসপোর্ট: A09913003)-এর কাছ থেকে ৫৪ কার্টুন সিগারেট, ১৪৪ পিস হোয়াইটেনিং সিরাম ও ৩ কেজি জর্দা উদ্ধার করা হয়। এছাড়া, কাতার থেকে আগত QR640 ফ্লাইটের অন্য এক যাত্রী রফিকুল সরদার (পাসপোর্ট: A21565755)-এর ব্যাগ তল্লাশি করে ৩ লিটার বিদেশি লিকার আটক করা হয়। সব মিলিয়ে ‘সি’ শিফটের অভিযানে মোট ৮৫ কার্টুন সিগারেট, ২৭৬ পিস বিসকস হোয়াইটেনিং সিরাম, ৫ কেজি জর্দা ও ৩ লিটার লিকার জব্দ করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য ৬ লাখ ২০ হাজার টাকা।
একই দিনে দুই শিফটের সমন্বিত এই জোড়া অভিযানে মোট ৬২৫ কার্টুন সিগারেট সহ বিপুল পরিমাণ মালামাল উদ্ধার সম্ভব হয়েছে। শাহজালাল বিমানবন্দরে চোরাচালান প্রতিরোধ ও ব্যাগেজ সুবিধার অপব্যবহার রুখতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (CIID) নিরবচ্ছিন্ন নজরদারির ক্ষেত্রে এই সফল অভিযান একটি বড় অর্জন।




















