বাংলা কিউআর পেমেন্টে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশ: ১ অক্টোবর থেকে মার্চেন্টদের তাৎক্ষণিক অর্থ জমা
- আপডেট এর সময় : ০১:৫৬:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
- / 7
ডিজিটাল লেনদেনকে আরও সহজ, দ্রুত ও গ্রাহকবান্ধব করতে বিকাশ, নগদ ও রকেটসহ দেশের সব মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) এবং ব্যাংকিং খাতের জন্য জরুরি নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট-১ থেকে ‘পরিশোধ ও নিষ্পত্তি ব্যবস্থা আইন, ২০২৪’-এর ১৮(২) ধারার আওতায় এই সার্কুলারটি জারি করা হয়। নতুন নির্দেশনায় বলা হয়েছে, আগামী ১ অক্টোবর ২০২৬ থেকে বাংলা কিউআর (Bangla QR) কোডের মাধ্যমে সম্পাদিত যেকোনো পেমেন্টের অর্থ সরাসরি এবং তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট মার্চেন্টের ব্যাংক বা এমএফএস হিসাবে জমা নিশ্চিত করতে হবে। এর ফলে পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্টের পূর্বে জারিকৃত ২৪ নভেম্বর ২০২৫ তারিখের নির্দেশনাটি বাতিল বলে গণ্য হবে।
লেনদেনের সুনির্দিষ্ট সময়ের পাশাপাশি ব্যাংক, এমএফএস, পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) এবং পেমেন্ট সিস্টেম অপারেটরদের (পিএসও) অ্যাপ ব্যবহারের ক্ষেত্রেও বেশ কিছু প্রযুক্তিগত পরিবর্তনের নির্দেশনা দেওয়া হয়েছে। সার্কুলার অনুযায়ী, আগামী ১ অক্টোবরের মধ্যে সব প্রতিষ্ঠানের মোবাইল অ্যাপের দৃশ্যমান নির্দিষ্ট স্থানে বাংলাদেশ ব্যাংকের ৬ জানুয়ারি ২০২১-এর সার্কুলার অনুযায়ী বাংলা কিউআর লোগোর আইকন প্রদর্শন করতে হবে। এছাড়া আগামী ৩১ অক্টোবরের মধ্যে সরাসরি কিউআর স্ক্যান করার পাশাপাশি গ্যালারি থেকে ‘বাংলা কিউআর ইমেজ আপলোড’ করে পেমেন্ট করার বাড়তি সুবিধা যুক্ত করতে হবে। একই সময়সীমার (৩১ অক্টোবর) মধ্যে কার্ডধারীসহ সব ধরনের সঞ্চয়ী ও চলতি হিসাবধারীদের মোবাইল অ্যাপ থেকে বাংলা কিউআর ব্যবহারের পূর্ণ সুযোগ চালুর নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।



















