নিষিদ্ধ দলের পলাতক নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগসহ যেসব অভিযোগ সাবেক দুই সেনা কর্মকর্তার বিরুদ্ধে
- আপডেট এর সময় : ০২:৩০:২৮ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
- / 3
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রেখে দেশকে অস্থিতিশীল করার চেষ্টাসহ সুনির্দিষ্ট বেশকিছু অভিযোগের ভিত্তিতে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল দেবাশীষ কুমার বড়ুয়া ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কাজী গুলশান আরাকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন ও সাইবার সুরক্ষা আইনে দুটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
সোমবার (১২ অক্টোবর) দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব তথ্য জানান ডিএমপির উপপুলিশ কমিশনার (মিডিয়া) মো. আকতার হোসেন।
তিনি বলেন, সুনির্দিষ্ট কিছু অভিযোগের ভিত্তিতে গতকাল রাতে সাবেক দুই সেনা কর্মকর্তাকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। তাদের বিরুদ্ধে পল্লবী থানায় সন্ত্রাসবিরোধী আইন ও সাইবার সুরক্ষা আইনে দুটি মামলা প্রক্রিয়াধীন।
দুই কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগের বিষয়ে জানতে চাইলে মো. আকতার হোসেন বলেন, তারা সরকারবিরোধী বিভিন্ন ধরনের কনটেন্ট তৈরি করে অনলাইন প্ল্যাটফর্মে প্রচার করছিলেন। এ ছাড়া কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন।



















