লালবাগে বিপ্লব হত্যা মামলার প্রধান দুই আসামি গ্রেফতার
- আপডেট এর সময় : ১২:৩২:১৫ পূর্বাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
- / 5
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর লালবাগে বিপ্লব হোসেন (২৭) হত্যা মামলার প্রধান দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত আসামিরা হলেন_ মো. মাইনু (২৬) ও আল-আমিন ওরফে স্বাধীন ওরফে ডিপজল (২২)। তারা দুজনই লালবাগের শহীদনগর এলাকার বাসিন্দা।
রবিবার (৮ নভেম্বর) রাতে লালবাগ বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. মোস্তাক সরকার গ্রেফতারের তথ্য নিশ্চিত করেন।
পুলিশের তথ্য অনুযায়ী, লালবাগ থানাধীন শহীদনগর এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত ১ নভেম্বর দুপুর ২টা থেকে সোয়া ২টার মধ্যে লালবাগের পশ্চিম শহীদনগর বউবাজার এলাকার আরএনডি রোডের একটি নির্মাণাধীন ভবনের নিচতলায় বিপ্লব হোসেনকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের খালা সুলতানা বেগম বাদী হয়ে লালবাগ থানায় হত্যা মামলা করেন। মামলায় মাইনু ও আল-আমিনসহ অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনকে আসামি করা হয়েছে।
এ মামলায় আজ লোহার ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে লালবাগ থানা পুলিশ। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।




















