ডাম্প ট্রাকের চাপায় দুমড়েমুচড়ে গেল অভিনেত্রী তানজিন তিশার গাড়ি, অল্পের জন্য রক্ষা
- আপডেট এর সময় : ০২:৫৯:১৯ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
- / 3
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা ভয়াবহ এক সড়ক দুর্ঘটনার সম্মুখীন হয়েছেন। মানিকগঞ্জের ভাড়ারিয়া বাজারে একটি শোরুমের উদ্বোধনী অনুষ্ঠানে যাওয়ার পথে একটি ডাম্প ট্রাক তার বহনকারী গাড়িটিকে চাপা দেয়, যার ফলে গাড়িটি মারাত্মকভাবে দুমড়েমুচড়ে যায়। তবে আল্লাহর অশেষ রহমতে তিনি বড় ধরনের বিপদ ও প্রাণহানি থেকে রক্ষা পেয়েছেন। এই অনাকাঙ্ক্ষিত ঘটনার পর মানিকগঞ্জের নির্ধারিত যাত্রা বাতিল করে তিনি তাৎক্ষণিকভাবে ঢাকায় ফিরে আসেন।
ঘটনাটি নিশ্চিত করে গত শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দেন তানজিন তিশা। পোস্টে তিনি লেখেন, মানিকগঞ্জে যাওয়ার পথে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলাম। আলহামদুলিল্লাহ! দেখা হবে সবার সাথে, ইনশাআল্লাহ।
জানা গেছে, মানিকগঞ্জের ভাড়ারিয়া বাজারে ‘রয়েল ফ্যাশন’ নামের একটি ফ্যাশন হাউজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তার উপস্থিত থাকার কথা ছিল। তার আগমনকে কেন্দ্র করে আয়োজক ও ভক্তদের মধ্যে ব্যাপক প্রস্তুতি ও উদ্দীপনা ছিল। কিন্তু এই দুর্ঘটনার কারণে শেষ পর্যন্ত অনুষ্ঠানটি স্থগিত করা হয়।
দুর্ঘটনার অভিজ্ঞতা শেয়ার করে তানজিন তিশা বলেন, গত রাতটি তিনি কোনোভাবেই ভুলতে পারছেন না। তার অত্যন্ত প্রিয় এবং কষ্টার্জিত অর্থ দিয়ে কেনা গাড়িটি একটি ডাম্প ট্রাকের কারণে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে, যা মেনে নেওয়া তার জন্য সহজ নয়। তবে সবকিছু ছাপিয়ে তিনি মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছেন। নিজের শারীরিক অবস্থা সম্পর্কে তিনি জানান, তিনি কিছু আঘাত পেলেও বর্তমানে সুস্থ আছেন এবং তাকে যারা ভালোবাসেন ও দোয়া করেন, তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
এদিকে জনপ্রিয় এই অভিনেত্রীর দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তার ভক্ত-অনুরাগীরা গভীর উদ্বেগ প্রকাশ করছেন এবং তার শারীরিক সুস্থতা ও নিরাপত্তা কামনা করছেন।



















