অবেশেষে চেয়ার ছাড়লেন জাতীয় গৃহায়নের আহসান হাবীব
- আপডেট এর সময় : ০২:৫৭:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫
- / 203
অবশেষে চেয়ার ছাড়লেন জাতীয় গৃহায়ন উন্নয়ন কর্তৃপক্ষের ভূমি ও সম্পত্তি ব্যবস্থাপনা পরিচালক (উপসচিব) মোঃ আহসান হাবীব। গত বছরের ২১ অক্টোবর ভূমি ও সম্পত্তি ব্যবস্থাপনার পরিচালক (উপসচিব) মোঃ আহসান হাবীবকে স্বাস্থ্য সেবা বিভাগে বদলি করা হয়। কিন্তু অজানা কারণে ৩ মাস পেরিয়ে গেলেও নিজের চেয়ারে অটল ছিলেন এই কর্মকর্তা। বিষয়টি নিয়ে সাপ্তাহিক মানি লাইন পত্রিকায় “জাগৃকে টাকার খনি! বদলি ঠেকাতে মরিয়া কর্মকর্তারা” শিরোনামে সংবাদ প্রকাশিত হওয়ার পর বিষয়টি নজরে আসে সংশ্লিস্ট কর্তৃপক্ষের। এরপরই বদলি করা হলো মোঃ আহসান হাবীবকে। ভূমি ও সম্পত্তি ব্যবস্থাপনার সাবেক এই পরিচালকের বিরুদ্ধে উঠেছিলো বিস্তর অভিযোগ। সিন্ডকেট করে সেবা গ্রহিতাদের এক প্রকার জিম্মি করে রেখেছিলেন তিনি। তার বদলি খবরে স্বস্তির হাওয়া বইছে সেবা গ্রহিতাদের মনে। নাম প্রকাশ না করার শর্তে জাতীয় গৃহায়ন উন্নয়ন কর্তৃপক্ষের একাধিক কর্মকর্তা জানান, ভূমি ও সম্পত্তি বিভাগে কেউ একবার আসলে আর যেতে চান না। কারণ এখানে প্রতিটি পরতে পরতে রয়েছে কাড়ি কাড়ি টাকা। আর তাই এই টাকার খনি আকড়ে ধরে রাখতে সর্বোচ্চ তদবির চালান দুর্নীতিবাজ কর্মকর্তারা। উপসচিব মোঃ আহসান হাবীব বদলি হলেও, বদলির আদেশ হওয়া আরেক কর্মকর্তা ভূমি ও সম্পত্তি ব্যবস্থাপনার উপ-পরিচালক -১ আর. এম সেলিম শাহনেওয়াজ অদৃশ্য প্রভাবে নিজের বদলির আদেশ স্থগিত করেছেন আগেই। এই কর্মকর্তার বিরুদ্ধেও রয়েছে অনেক অভিযোগ। অফিস সহকারি রাকিব, সুমনসহ বেশ কয়েকজনকে নিয়ে সিন্ডিকেট গড়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।



















