দলীয় এমপিদের কঠোর নির্দেশনা প্রধানমন্ত্রীর
- আপডেট এর সময় : ১১:৫৯:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
- / 11
ঢাকার জাতীয় সংসদ ভবন:
মাঠ পর্যায়ে দলের শৃঙ্খলা বজায় রাখা, সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সাম্প্রতিক জাতীয় রাজনৈতিক বিষয়াবলী নিয়ে সংসদ সদস্যদের (এমপি) সাথে দীর্ঘ বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রবিবার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের সরকারি দলের সভাকক্ষে আয়োজিত বিএনপির সংসদীয় দলের এই রুদ্ধদ্বার বৈঠকে সভাপতিত্ব করেন তিনি। সন্ধ্যা ৬টা ২০ মিনিটে শুরু হওয়া বৈঠকটি চলে রাত ৯টা ২০ মিনিট পর্যন্ত। বৈঠকে প্রধানমন্ত্রীর সঙ্গে মঞ্চে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান ও গয়েশ্বর চন্দ্র রায়। স্বাগত বক্তব্য দেন সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।
আইনশৃঙ্খলা পরিস্থিতি ও অপকর্ম রুখতে বার্তা:
বৈঠকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির কাঙ্ক্ষিত উন্নতি না হওয়া, মাদকের বিস্তার এবং মাদক কারবারিদের জামিনে মুক্তির বিষয় নিয়ে অন্তত ২৫ জন সংসদ সদস্য ও মন্ত্রী খোলামেলা আলোচনা করেন। এর জবাবে প্রধানমন্ত্রী জানান, সরকার গঠনের পর থেকেই নানান বৈরী পরিবেশ মোকাবিলা করতে হচ্ছে। তিনি চাঁদাবাজ, দখলদার, মাদক ও যেকোনো অপকর্মের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার পাশাপাশি তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে দূরত্ব কমিয়ে সংসদ সদস্যদের মাঠে সক্রিয় থাকার নির্দেশ দেন।
শারদীয় দুর্গাপূজা ও সম্প্রীতি রক্ষা:
আসন্ন শারদীয় দুর্গাপূজায় সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় অবস্থান করার নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু সম্প্রদায় এবার বিএনপিকে ভোট দিয়েছে, যা তাদের আস্থার প্রতীক। হিন্দু সম্প্রদায় যাতে নির্বিঘ্নে ও নিরাপদে পূজা উদযাপন করতে পারে, তা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। সব ধরনের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য নির্দেশ দেন তিনি।
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বার্তা:
আগামী স্থানীয় সরকার নির্বাচনকে সরকারের জন্য একটি ‘বড় পরীক্ষা’ হিসেবে উল্লেখ করেন তারেক রহমান। তিনি স্পষ্ট জানিয়ে দেন যে, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে এবং সরকার কোনো অনিয়মের অপবাদ নেবে না। তৃণমূলের কাছে সবচেয়ে জনপ্রিয় ও গ্রহণযোগ্য ব্যক্তিকেই প্রার্থী করতে হবে। দলীয় সমর্থন মিললেও প্রার্থীকে নিজের যোগ্যতায় জয়ী হতে হবে—এ ক্ষেত্রে সরকার বা প্রশাসনের কাছ থেকে কোনো অনুচিত সুবিধা পাওয়া যাবে না।
শেখ হাসিনা ও রাজনৈতিক পরিস্থিতি:
তারেক রহমান আশঙ্কা প্রকাশ করে বলেন, পতিত স্বৈরাচার ও গুপ্ত শক্তি ঐক্যবদ্ধ হয়ে দেশে অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টা চালাতে পারে। তাই সংসদ সদস্যদের রাজনৈতিক পরিস্থিতির ওপর কড়া নজর ও সজাগ থাকার পরামর্শ দেন তিনি। চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার গুঞ্জন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘শেখ হাসিনা পালিয়ে যাওয়ার সময় বলে যাননি, আসার সময়ও বলবেন না। তবে তিনি দেশে ফিরলে তাকে আইনি ও রাজনৈতিকভাবেই মোকাবিলা করা হবে।’



















