পূজামণ্ডপে আগত নারী,শিশু,বয়স্ক ও প্রতিবন্ধীদের সহায়তায় এসআরবির হেল্প ডেস্ক
- আপডেট এর সময় : ১০:৪২:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
- / 8
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
শারদীয় দূর্গাউৎসবে পূজামণ্ডপে আগত নারী, শিশু, বয়স্ক এবং প্রতিবন্ধীদের সহায়তায় হেল্প ডেস্ক স্থাপন করা হয়েছে বলে জানিয়েছেন এসআরবি-১০-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহা. আসাদুজ্জামান। একই সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ মণ্ডপ এলাকায় জরুরি সেবা প্রদানের ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
শুক্রবার (১৬ অক্টোবর) শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর রাম কৃষ্ণ মিশন পূজা মন্ডপ ও ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন শেষে এসব বলেন তিনি।
আসাদুজ্জামান বলেন, এসআরবি-১০ এর দায়িত্বপূর্ণ এলাকায় ইতোমধ্যে পূজাকে ঘিরে একটি বিস্তৃত নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়ন করেছে। আমাদের দায়িত্বপূর্ণ এলাকায় ঢাকেশ্বরী জাতীয় মন্দির, রামকৃষ্ণ মিশন’সহ সর্বমোট প্রায় ১৮৪১ টি পূজামণ্ডপ এবং এর আশেপাশের এলাকায় বিশেষ নিরাপত্তা টিম মোতায়েন করা হয়েছে।
তিনি বলেন, সার্বক্ষনিকভাবে এসআরবি-১০ এর মোট ১৫ টি পিকআপ পেট্রোল, ২৮টি মোটরসাইকেল টহল এবং সাদা পোশাকের সদস্যরা দায়িত্ব পালন করছে। এছাড়াও এসআরবি-এর প্রশিক্ষিত কমান্ডো, বোম ডিসপোজাল ইউনিট ও ড্রোন টিম এলাকাভিত্তিক সার্বক্ষণিক নজরদারি করছে। টহল ও চেকপোস্ট কার্যক্রম জোরদার করা হয়েছে, বিশেষ করে পূজামণ্ডপের আশেপাশে সন্দেহভাজন ব্যক্তিদের চলাচলের ওপর কঠোর নজরদারি রাখা হচ্ছে। যে কোন প্রকার বিশৃঙ্খলা রোধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের নিমিত্তে স্ট্রাইকিং ফোর্স সর্বদা নিয়োজিত রয়েছে এবং পূজামণ্ডপ সংলগ্ন স্থানে কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। এছাড়াও বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের দিনে আমাদের নৌ টহল কার্যক্রম পরিচালনা করা হবে বলেও জানান তিনি।
তিনি বলেন, এসআরবি-১০ এর গোয়েন্দা শাখা স্থানীয় পূজা কমিটির সঙ্গে ঘনিষ্ঠভাবে সমন্বয় রেখে কাজ করছে এবং সম্ভাব্য হুমকি চিহ্নিত করে তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানো, সাম্প্রদায়িক উসকানি প্রদান বা ধর্মীয় অনুভূতিতে আঘাত করতে পারে এমন যেকোনো কর্মকাণ্ড প্রতিরোধে এসআরবি-১০ এর সাইবার মনিটরিং সেল সার্বক্ষণিকভাবে কাজ করছে।এবারের দুর্গাপূজায় এসআরবি-১০ কেবল নিরাপত্তা নয়, বরং মানবিক সহায়তা ও জনসেবামূলক কর্মকাণ্ড পরিচালনার ক্ষেত্রেও বিশেষ ভূমিকা পালন করছে। পূজামণ্ডপে আগত নারী, শিশু, বয়স্ক এবং প্রতিবন্ধীদের সহায়তায় হেল্প ডেস্ক স্থাপন করা হয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ মণ্ডপ এলাকায় জরুরি সেবা প্রদানের ব্যবস্থা নেওয়া হয়েছে। এসআরবি-র সদস্যরা নিয়মিতভাবে মণ্ডপ পরিদর্শন করছেন, দর্শনার্থীদের সঙ্গে কথা বলছেন এবং যেকোনো প্রয়োজনে তাৎক্ষণিক সহায়তা প্রদান করছেন।



















