অফিসার্স ক্লাব থেকে সাবেক অতিরিক্ত সচিবের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- আপডেট এর সময় : ১১:২৮:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
- / 4
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর রমনায় অফিসার্স ক্লাবের ভেতরে একটি নির্মাণাধীন ভবন থেকে সাবেক অতিরিক্ত সচিব মো. মোশাররফ হোসেনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে ভবনটির নিচতলায় সিঁড়ির পাশ থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়।
অফিসার্স ক্লাব সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ১০টার দিকে ছোট মেয়েকে নিয়ে ক্লাবে প্রবেশ করেন মোশাররফ হোসেন। পরে মেয়েকে ক্লাবের সামনের সুইমিংপুলের কাছে রেখে তিনি নির্মাণাধীন ভবনের ভেতরে যান। এর প্রায় এক ঘণ্টা পর ভবনটির নিচতলায় সিঁড়ির পাশে তাঁর মরদেহ পাওয়া যায়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নির্মাণাধীন ভবনের সিঁড়ি ও লিফটের পাশের ফাঁকা জায়গা দিয়ে নিচে পড়ে তাঁর মৃত্যু হয়েছে। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে, তা নিয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
মোশাররফ হোসেন অফিসার্স ক্লাবের সদস্য ছিলেন। তার সদস্য নম্বর ২০১২। তিনি রাজধানীর বনানীর জি-ব্লকের ৫ নম্বর সড়কের ৪০ নম্বর বাড়িতে বসবাস করতেন।
পারিবারিক সূত্র জানিয়েছে, তার বড় মেয়ে যুক্তরাষ্ট্রে থাকেন। তিনি দেশে ফিরলে মোশাররফ হোসেনের দাফন সম্পন্ন করা হবে।
এ বিষয়ে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিন মিয়া বলেন, ওই ভবনের একটি ফাঁকা জায়গা দিয়ে মোশাররফ হোসেন নিচে পড়ে গেছেন বলে তারা জানতে পেরেছেন।
ওসি আরও বলেন, ঘটনাস্থলে তার মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। এ ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে একটি আবেদন দেওয়া হবে। এরপর ঘটনাটি অজ্ঞাত মামলা হিসেবে নথিভুক্ত করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।



















