রাজধানীর তিন এলাকায় ককটেল বিস্ফোরণ, বাসে আগুন
- আপডেট এর সময় : ০২:১৬:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
- / 4
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর বনানী, আদাবর ও তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত ৮টা ১০ মিনিট থেকে সাড়ে ১১টার মধ্যে এসব ঘটনা ঘটে। এর আগে শেরেবাংলা নগরে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সামনে একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এসব ঘটনায় কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
পুলিশের তথ্য অনুযায়ী, মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ৯টা ৫৫ মিনিটে আদাবর থানার শেখেরটেকের ৯ নম্বর সড়কে ওয়ালটন প্লাজার সামনে একটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এরপর রাত ১১টার কিছু আগে বনানী থানার মহাখালী বাসস্ট্যান্ডে ককটেল বিস্ফোরণ ঘটে। রাত সাড়ে ১১টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চল থানার এসআর এন্টারপ্রাইজ ফিলিং স্টেশনের সামনেও একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন বলেন, রাত ১১টার কিছু আগে মহাখালী বাসস্ট্যান্ডে দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে কেউ হতাহত হননি।
তেজগাঁও বিভাগ পুলিশ সূত্র জানায়, আদাবরের শেখেরটেক এবং তেজগাঁও শিল্পাঞ্চলের এসআর এন্টারপ্রাইজ ফিলিং স্টেশনের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
এর আগে রাত ৮টা ১০ মিনিটের দিকে শেরেবাংলা নগর থানার সংসদ ভবনের ১ নম্বর গেটের পাশে তালুকদার ফিলিং স্টেশনের সামনে ককটেল বিস্ফোরণ ঘটে।
এ ছাড়া রাতের দিকে শেরেবাংলা নগর থানার জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সামনে ঠিকানা পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। রাত ৯টা ৩৪ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায়ও কেউ হতাহত হয়নি।




















