জাতিসংঘে জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে ইতিহাস গড়তে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- আপডেট এর সময় : ০২:৩২:৫৬ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
- / 17
বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘের এই বিশ্বমঞ্চের সঙ্গে জিয়া পরিবারের চার দশকেরও বেশি সময় ধরে চলা সুসম্পর্কের এক নতুন অধ্যায় সূচিত হচ্ছে। আগামী বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে তিনি বক্তব্য রাখবেন। পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বর্তমানে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করায় বাংলাদেশের জন্য এবারের অধিবেশনটি বিশেষ তাৎপর্য বহন করছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানিয়েছেন, সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী আগামী ২১ সেপ্টেম্বর ঢাকা থেকে নিউইয়র্কের উদ্দেশে রওনা হবেন। সাধারণ বিতর্কের প্রাথমিক সূচি অনুযায়ী ২২ থেকে ২৬ সেপ্টেম্বর এবং ২৮ সেপ্টেম্বর পর্যন্ত এই অধিবেশন চলবে।
এর আগে ১৯৮০ সালের ২৬ আগস্ট জাতিসংঘ সাধারণ পরিষদের ১১তম বিশেষ অধিবেশনে তারেক রহমানের বাবা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রথমবারের মতো ভাষণ দিয়েছিলেন। সে সময় তিনি ধনী ও দরিদ্র দেশগুলোর মধ্যকার ক্রমবর্ধমান বৈষম্য, দারিদ্র্য, ক্ষুধা, অর্থনৈতিক উন্নয়ন এবং মানবিক মর্যাদার ভিত্তিতে বিশ্ব গড়ার আকুল আহ্বান জানান। পরবর্তীতে তাঁর পথ ধরে ১৯৯৩ সালের ১ অক্টোবর ৪৮তম অধিবেশনে ভাষণ দেন তারেক রহমানের মা, প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। জাতিসংঘের তথ্য অনুযায়ী, ১৯৯৩ থেকে ২০০৫ সাল পর্যন্ত তিনি মোট পাঁচবার সাধারণ পরিষদের বিভিন্ন অধিবেশনে অংশ নেন ও বক্তব্য প্রদান করেন (যার মধ্যে রয়েছে ১৯৯৫ সালে ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকীর স্মারক সভা, ২০০২ সালে শিশুবিষয়ক ২৭তম বিশেষ অধিবেশন এবং ২০০৫ সালের ৬০তম অধিবেশন)।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এবং শামা ওবায়েদ ইসলাম জানান, এবারের ভাষণে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের নতুন রাজনৈতিক ও অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি, বৈশ্বিক শান্তি এবং আন্তর্জাতিক সংকটের টেকসই সমাধান তুলে ধরবেন। পাশাপাশি দেশের গণতান্ত্রিক রূপান্তর, ভবিষ্যৎ উন্নয়নের অগ্রাধিকার, বৈশ্বিক জলবায়ু পরিবর্তন ও জলবায়ু অর্থায়ন, দারিদ্র্য বিমোচন এবং বিশেষ করে রোহিঙ্গা সংকট সমাধানের বিষয়টিকে প্রধান অগ্রাধিকার দিয়ে বিশ্বনেতাদের দৃষ্টি আকর্ষণ করবেন। ১৯৮০ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে যে যাত্রার সূচনা হয়েছিল, ২০২৬ সালে তারেক রহমানের এই ভাষণের মাধ্যমে জিয়া পরিবারের সেই ঐতিহাসিক ধারায় যুক্ত হতে যাচ্ছে এক নতুন মাইলফলক।



















