সীমান্তবর্তী ৩৩ বেকার যুবককে ইলেকট্রিক্যাল ওয়্যারিং প্রশিক্ষণ দিল ১৮ বিজিবি
- আপডেট এর সময় : ০৩:৪৯:০৬ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
- / 4
পঞ্চগড় জেলার সীমান্তবর্তী এলাকার বেকার যুবকদের দক্ষতা বৃদ্ধি ও আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ৩৩ জন যুবককে ‘বেসিক ইলেকট্রিক্যাল হাউজ ওয়্যারিং’ প্রশিক্ষণ দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের সার্বিক ব্যবস্থাপনায় গত ২৩ আগস্ট শুরু হওয়া এই বিশেষ প্রশিক্ষণ কার্যক্রমের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান সম্প্রতি সম্পন্ন হয়েছে। এতে সফলভাবে কোর্স সম্পন্নকারীদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয় এবং কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য পুরস্কৃত করা হয়।
রোববার তেঁতুলিয়া উপজেলার ভজনপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় হল কক্ষে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও সেক্টর সদর দপ্তরের ভারপ্রাপ্ত সেক্টর কমান্ডার ও নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তাইফুর হাসান মাহমুদ। তিনি প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র ও পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস এবং ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মো. জিয়াউর রহমানসহ বিজিবি সদস্য, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে লেফটেন্যান্ট কর্নেল তাইফুর হাসান মাহমুদ বলেন, বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক—মহাপরিচালকের এই ঘোষণা বাস্তবায়নে তারা দৃঢ়প্রতিজ্ঞ। তিনি উল্লেখ করেন, সীমান্ত রক্ষা ও অপরাধ দমনের পাশাপাশি বিজিবি মানবিক ও সামাজিক কল্যাণে নিয়মিত ভূমিকা রাখছে। ত্রাণ বিতরণ, চিকিৎসাসেবা ও শিক্ষা সামগ্রী প্রদানের পাশাপাশি যুবসমাজকে আত্মনির্ভরশীল করতে এ ধরনের কারিগরি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, যা সীমান্ত এলাকায় সম্পৃক্ততা ও আস্থা বাড়াতে সহায়ক ভূমিকা পালন করবে।



















