যানজট নিরসন থেকে অপরাধ দমন, গাজীপুর নিয়ে বিশেষ পরিকল্পনা নবনিযুক্ত জিএমপি কমিশনারের
- আপডেট এর সময় : ০৩:৩২:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
- / 22
নিজস্ব প্রতিবেদক,মানি লাইন
গাজীপুর মহানগরীর যানজট নিরসন, ফুটপাত দখলমুক্ত করা এবং অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ পরিকল্পনা নেওয়ার কথা জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) নবনিযুক্ত কমিশনার মো. আশিক সাঈদ। এছাড়া মাদক, ছিনতাই, কিশোর গ্যাং, হানিট্র্যাপ ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের কথাও জানিয়েছেন তিনি।
একই সঙ্গে নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিত করা এবং ধর্ম, বর্ণ, শ্রেণি-পেশা ও সামাজিক অবস্থাননির্বিশেষে সব নাগরিকের জন্য সমান পুলিশি সেবা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন পুলিশ কমিশনার।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর ১২টায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরের সম্মেলনকক্ষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি। কমিশনার হিসেবে দায়িত্ব নেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে এটিই ছিল তার প্রথম মতবিনিময় সভা।
সভায় সাংবাদিকেরা মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা, যানজট, শিল্পাঞ্চলের শ্রমিক পরিস্থিতিসহ বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন।
পুলিশ কমিশনার বলেন, শিল্পনগরী গাজীপুরকে নিরাপদ, অপরাধমুক্ত ও যানজটসহনীয় নগর হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতা প্রয়োজন। এ ক্ষেত্রে গণমাধ্যমের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও সমন্বয়ের মাধ্যমে কাজ করতে চান তারা।
এসময় গাজীপুর মহানগরীর অন্যতম বড় সমস্যা যানজট উল্লেখ করে মো. আশিক সাঈদ বলেন, অপরিকল্পিত নগরায়ণ, প্রয়োজনের তুলনায় সড়কের স্বল্পতা এবং পর্যাপ্ত পার্কিং ব্যবস্থা না রেখে ভবন নির্মাণের কারণে যানজট বাড়ছে।
এ সমস্যা সমাধানে ট্রাফিক ব্যবস্থাপনাকে আরও পরিকল্পিত ও কার্যকর করার উদ্যোগ নেওয়া হবে। যানবাহনের চলাচল সুশৃঙ্খল রাখতে ট্রাফিক পুলিশের কার্যক্রম জোরদার করা হবে। পাশাপাশি পথচারীদের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে ফুটপাত অবৈধ দখলমুক্ত করার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করা হবে।
এদিন মাদক, ছিনতাই, কিশোর গ্যাং, হানিট্র্যাপ ও অনলাইন জুয়ার বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানান জিএমপি কমিশনার। তিনি বলেন, মাদকের সঙ্গে জড়িত ব্যক্তি যে দলেরই হোক কিংবা যত প্রভাবশালীই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না।মাদক চক্রের শিকড় উপড়ে ফেলতে গণমাধ্যমকর্মীদের সুনির্দিষ্ট ও গোপন তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতার আহ্বান জানান তিনি।
এসব অপরাধে জড়িত ব্যক্তি ও চক্রকে শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের নজরদারি, টহল ও গোয়েন্দা তৎপরতা বাড়ানো হবে। পাশাপাশি অপরাধ প্রতিরোধে প্রয়োজনীয় কার্যক্রম নেওয়া হবে।
অনলাইনে নারীদের হয়রানিসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান পুলিশ কমিশনার। শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াতের সময় ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি জানান, স্কুল-কলেজের প্রধান ফটক ও আশপাশের এলাকায় পুলিশের নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা প্রতিষ্ঠানে প্রবেশ ও ছুটির পর বের হওয়ার সময় যাতে কোনো ধরনের হয়রানির শিকার না হয়, সে জন্য প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বলা হয়েছে।
সব নাগরিকের জন্য সমান পুলিশি সেবা
পুলিশি সেবায় বৈষম্য দূর করে সব নাগরিকের জন্য সমান সুযোগ ও সহযোগিতা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন মো. আশিক সাঈদ। ধর্ম, বর্ণ, শ্রেণি-পেশা কিংবা সামাজিক অবস্থান যা-ই হোক না কেন, প্রত্যেক নাগরিক যেন পুলিশের কাছ থেকে সমান সেবা পান, তা নিশ্চিত করতে চান তিনি।
কোনো নাগরিক যেন পুলিশি সেবা নিতে গিয়ে বৈষম্য, অবহেলা কিংবা হয়রানির শিকার না হন, সে বিষয়ে গুরুত্ব দিয়ে কাজ করার কথা জানান তিনি।
শিল্পাঞ্চলের শ্রমিক পরিস্থিতি নিয়ন্ত্রণে সমন্বয়
গাজীপুরের পোশাকশিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ ও কর্মবিরতির বিষয়েও কথা বলেন জিএমপি কমিশনার। তিনি জানান, মঙ্গলবার কোনাবাড়ী ও কাশিমপুর এলাকায় সন্ধ্যা সাতটার দিকে কয়েকটি পোশাক কারখানায় শ্রমিকেরা কর্মবিরতি পালন করেন। এ ছাড়া বাসন এলাকায় বেলা পৌনে ১২টার দিকে ছয় থেকে সাতটি কারখানার শ্রমিকেরা কর্মস্থল ত্যাগ করেন। সব মিলিয়ে ওই দিন প্রায় ১৭ থেকে ১৮টি কারখানায় এমন ঘটনা ঘটে।
শ্রমিকেরা মজুরি বৃদ্ধির দাবিতে কর্মবিরতি দিয়ে কারখানা থেকে বের হয়ে যান। তবে কোথাও ভাঙচুরের ঘটনা ঘটেনি বলে জানান তিনি।
পরিস্থিতি স্বাভাবিক রাখতে মহানগর পুলিশ, জেলা পুলিশ, শিল্প পুলিশ ও এপিবিএনের সদস্যরা সমন্বিতভাবে কাজ করেছেন। শ্রমিকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করা হয়েছে। সড়কে যানজট কিংবা যানবাহনে হামলার মতো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে ছিল। সংশ্লিষ্ট এলাকাগুলোর পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি।
মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও জননিরাপত্তা নিশ্চিত করতে সাংবাদিকদের সহযোগিতা ও গঠনমূলক পরামর্শ প্রত্যাশা করেন পুলিশ কমিশনার। তিনি গণমাধ্যমকর্মীদের সমাজের দর্পণ হিসেবে উল্লেখ করে বলেন, তাদের তথ্য, পরামর্শ ও সহযোগিতা নিয়ে গাজীপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি করতে চান।





















